চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, দু’লক্ষ নাম অন্তর্ভুক্ত — বাদের সংখ্যা এখনও অস্পষ্ট

পশ্চিমবঙ্গে চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায় প্রায় দু’লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে ঠিক কত জনের নাম বাদ পড়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য দেয়নি কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে তালিকায় থাকা মোট ভোটারদের মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশের নাম বাদ পড়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত তালিকার প্রাথমিক অংশ প্রকাশ করা হয়। এরপর ২৩ মার্চ প্রকাশিত হয় প্রথম অতিরিক্ত তালিকা। তার পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অতিরিক্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন। ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিনে তিনটি অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে।

কমিশন জানিয়েছে, ২৩ মার্চ প্রকাশিত প্রথম অতিরিক্ত তালিকায় প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় তালিকায় নিষ্পত্তি করা হয় প্রায় ৩৭ লক্ষ নাম। শনিবার পর্যন্ত মোট প্রায় ৩৮ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে।

তবে, নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে কত জন বৈধ ভোটার হিসেবে তালিকায় স্থান পেয়েছেন এবং কত জন বাদ গিয়েছেন, সেই বিস্তারিত তথ্য এখনও আলাদা করে প্রকাশ করেনি কমিশন।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার সময় ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকার নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন ৭০৫ জন বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে এই তালিকা প্রকাশ করা হচ্ছে।

এসআইআর প্রক্রিয়া শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। পরে ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত রাজ্যে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে।

বর্তমানে নতুন তালিকা প্রকাশের পরও বাদের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা বজায় থাকায় রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *